স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
রোববার (২ আগস্ট) রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে একদল গার্মেন্টসকর্মী ও স্থানীয় বাসিন্দা কাজে বাঁধা দেন। এ নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।
পরিস্থিতির খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এবং পুলিশের অন্যান্য সদস্য। অভিযোগ রয়েছে, এ সময়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গার্মেন্টসকর্মী ও স্থানীয়দের একটি অংশ প্রশাসক, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। একপর্যায়ে তারা প্রশাসক ও সংসদ সদস্যের ওপর চড়াও হন।
সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুরুতর আহতকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।”
Leave a Reply